সময় ডেস্ক :: শেরপুর-৩ আসনে (শ্রীবরদী-ঝিনাইগাতী) নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত দু’দফা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শ্রীবরদী জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর -৩ আসনের জায়াতের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল।
আজ বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একমঞ্চে সকল প্রার্থীর ইশতেহার অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। বিকেল তিনটার দিকে জামায়াতের সমর্থকরা অনুষ্ঠানের সকল চেয়ারে বসে পড়ে। এ সময় বিএনপি’র সমর্থকরা চেয়ার না পেয়ে বাদ-বিতণ্ডা জড়িয়ে পড়ে, এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয়পক্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। ঘটনার পর বিএনপি সমর্থকরা জামায়াতের হামলার শিকার হয়ে সন্ধ্যায় আবারও সংঘর্ষে জড়ায়। জামায়াত দাবি এ সময় তাদের শ্রীবরদী উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ ৫০ জন কর্মী আহত হয়। পরে রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে শেরপুরে পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাথায় আঘাত পেলে তাকে চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

















