কালিগঞ্জ প্রতিনিধি :: সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সর্বসাধারণের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় ভাড়াশিমলা ফুটবল মাঠে এ বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল পর্যায় থেকে সবাইকে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাহাদাত হোসেন।
তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নলতা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু এবং সাবেক আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান। বক্তারা বলেন, গরিবের ডাক্তার খ্যাত ডা. শহিদুল আলমের বল প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে হবে।

















