সময় ডেস্ক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল আলাদা। তারা (অন্তর্বর্তী সরকার) ভেবেছিল জনগণ বা ভোটাররা হয়তো বুঝতে পারবে না। ভোটাররা ভোটকেন্দ্রে গেল, ভোট দিল। কিন্তু কামটা কখন সারা যায়? দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে।”
শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “সারাদিন ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেয়ার চেষ্টা করেছেন। এজন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারকে। কিন্তু দুঃখ বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনার, রেজাল্ট সিট তৈরি করা, ফলাফল ঘোষণাসহ প্রতিটি পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।”
অল্প অল্প ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “এটা বড় ইঞ্জিনিয়ারিং।”
কারা ইঞ্জিনিয়ারিং করেছিল— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমিরে জামায়াত জবাব দিয়েছিলেন- সরাসরি প্রমাণ ছাড়া জবাব দেয়া কঠিন। তবে অতীতে দেখা যায়, যারা এই অপরাধ করে কারচুপি ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত থাকে, কোনো না কোনোভাবে সত্য বেড়িয়ে আসে।”
সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, “আপনি আপনার বক্তব্য অডিও-ভিডিওটা বারবার দেখুন, শুনুন। আপনি কি বলেছেন? চারদিকে যখন বিক্ষুব্ধ সমালোচনার অভিযোগ তদন্তের দাবি উঠলো, আপনি সেটাকে ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে- আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করে বলিনি। উগ্রবাদীদেরকে মিন করেছি। আপনার কথায় আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “নারীর অধিকার, ক্ষমতা, মর্যাদার প্রশ্নের জবাবে আপনি (রিজওয়ানা) বলেছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেইনি। ‘ইউ মিন বাই দিস টাইপ অফ কমেন্ট’ বিরোধী দল তো উগ্রবাদের মধ্যে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে, সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত দল।”
গোলাম পরওয়ার আরো বলেন, “ইসলাম কোনো উগ্রবাদ কোনো চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে নারীর ক্ষমতার মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন। আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে।”
















