তৌফিক আল হাসান :: সাতক্ষীরা সদর-২ আসনের অন্তর্ভুক্ত ৫নং শিবপুর ইউনিয়নের ৩নং খানপুর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) জাকির (পিতা: বাহাদুর গাজী) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদানের যে ঘোষণা দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে বলা হয়, তিনি কখনোই সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন না; বরং স্থানীয়ভাবে একজন সাধারণ সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার সময় তিনি আওয়ামী লীগের কিছু কর্মীর সঙ্গে অবস্থান করেছিলেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ওই সময় এলাকায় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটার চেষ্টা করলে ওয়ার্ডবাসী তা প্রতিহত করার চেষ্টা করেন। একই সঙ্গে একটি দোকানের সাটার ভেঙে কিছু মালামাল লুটপাটের ঘটনাও ঘটে বলে জানা যায়।
ওয়ার্ডবাসীর দাবি, উক্ত ঘটনার পর থেকেই তিনি জামায়াতের সমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পরবর্তীতে অন্য রাজনৈতিক দলে যোগদান করেন। ফলে তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ৩নং খানপুর ওয়ার্ডবাসী বা সংশ্লিষ্ট সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সবাইকে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন, যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।















