সময় ডেস্ক :: ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচনী আচরণবিধি অনুসারে এখন ধানের শীষ জয় নিশ্চিত করার দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি।
তিনি বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।
এর আগে এদিন রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ২০ মিনিটে তিনি হজরত শাহাজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান। শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
পরে রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন তিনি। রাত সোয়া ১০টার দিকে তিনি শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

















