ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।
বুধবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংবাদ সংবাদ সম্মেলনে লকডাউন কর্মসূচিকে নাশকতা চক্রান্ত আখ্যা দিয়ে তা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দেয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।
এদিকে ইসলামী ছাত্রশিবির মঙ্গলবারই জানিয়েছিল ১৩ নভেম্বর তারা রাজপথে থাকবে। গতকাল সংগঠন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঢাকা কলেজ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে একই কর্মসূচি পালন করা হবে।

















