কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় জামায়াত অফিস থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চোর মোটরসাইকেলটি চালু করতে না পেরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলা জামায়াত অফিসের সামনে এই ঘটনা ঘটে।
পৌর জামায়াতের আমির ইউনুস আলী বাবু জানান, তিনি সাতক্ষীরা থেকে ফিরে মোটরসাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে একটি আলোচনায় অংশ নেন। এর কিছুক্ষণ পর সংগঠনের অন্য নেতা জুবায়ের হোসেনও তার মোটরসাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। এ সুযোগে হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত সটকে পড়ে।
তিনি জানান, চোর মোটরসাইকেলটি ঠেলে মাদ্রাসা মোড় পর্যন্ত নিয়ে যায়। তবে সেখানে বারবার চেষ্টা করেও সেটি চালু করতে না পেরে শেষ পর্যন্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোর মোটরসাইকেলটি স্টার্ট দিতে পারেনি, তাই সেটি রেখে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

















