নিউজ ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ২২ বছর পর এ জয়ের রাস্তা সূচিত হয়। এরপর সেই গোল ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হামজা চৌধুরী-শেখ মোরসালিনরা।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ মাঠে হাজির থেকে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ মোরসালিনের গোলের পরই গ্যালারিতে দেখা গেছে ক্রীড়া উপদেষ্টার উচ্ছ্বাস। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকের সঙ্গেই খুশিতে আলিঙ্গন করেন।















