সময় ডেস্ক :: দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক দিনে একই পরিবারের ১৩ জনসহ ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাট, যশোর, মাদারীপুর ও মানিকগঞ্জে পৃথক পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
বাগেরহাট
বাগেরহাটের রামপালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশু, বর ও কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়ায় বেলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীরা জানান, মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বর-কনেবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যশোর
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও রানার ছেলে হানিফ।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, সন্ধ্যায় কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যান যোগে খাজুরা থেকে মাগুরার দিকে যাওয়ার পথে ভাটার আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর
মাদারীপুরের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৩) ও নাজমুল খান (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পল্লী চিকিৎসক মোনায়েম খান (৫০) ও হাসপাতালে মারা যান তার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৪৫) ।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলব্রিজ উপর শিমুল ফুলের ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আলফে সানি এবং আক্তার ফয়সাল। তারা সম্পর্কে খালাতো ভাই।

















