নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরুলিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় বর্তমানে ইউনিয়নের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সরকারি সম্পত্তির ওপর প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
বিশেষ করে পাটকেলঘাটা গরু হাটখোলা এলাকার সরকারি জমি দ্রুত দখল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহৃত এই জায়গা ব্যক্তিস্বার্থে দখলের চেষ্টা করা হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি জায়গা জনগণের সম্পদ। তাই কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি যদি ক্ষমতার অপব্যবহার করে তা দখল করার চেষ্টা করেন, তবে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানার বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এলাকাবাসী বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।














