সময় ডেস্ক :: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার ৪৫ মিনিটে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।
বগুড়া শহরে জনতার স্রোতের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। লাখো জনতা গগনবিদারী স্লোগানে তারেক রহমানকে বরণ করেন। দীর্ঘ ১৯ বছর পর তিনি বগুড়া আসেন।
বক্তব্যের শুরুতেই ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি বগুড়ার ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন।
বগুড়া জেলা বিএনপির আয়োজনে সমাবেশে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন।
তারেক রহমান বলেন, সামনে শুধু নির্বাচন নয়, এই নির্বাচন আমাদের নির্দেশনা দেবে দেশ কোন দিকে যাবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে আপনারা উন্নয়নের জন্য যে দাবি জানিয়েছেন, আল্লাহ সুযোগ দিলে যতটুকু সম্ভব উন্নয়ন করব।
তারেক রহমান বলেন, গত ১৫ বছর শুধু বগুড়ার নয়, সারা দেশের মানুষ বঞ্চিত ছিল। তাই সমগ্র দেশ আমাদের টানতে হবে। শুধু বগুড়া নয় সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে।
দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। জনসভার নির্ধারিত সময়ের অনেক আগেই আলতাফুন্নেছা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাশের সড়কগুলোতেও।















