শেখ মাসুদুর রহমান সুরুজ,পাটকেলঘাটা প্রতিনিধি :; গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে তালা উপজেলার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পিঠা উৎসব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে গ্রামবাংলার নানান ধরনের বাহারি ও বিলুপ্তপ্রায় পিঠা প্রদর্শিত হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
বিদ্যালয়ের মাঠে মোট ৫টি স্টলে শিক্ষার্থীরা নিজের হাতে তৈরি দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, পানতুয়াসহ শতাধিক রকমের পিঠার পসরা সাজিয়ে তোলে। পৌষের কনকনে শীত উপেক্ষা করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন।
সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ উৎসব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোশারফ হোসেন,মাওলানা মোঃ আব্দুল হালিম,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

















