শ্যামনগর প্রতিনিধি :: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কলাগাছিয়ায় বনদস্যুদের গুলিতে এক কাঁকড়া আহরণকারী গুরুতর আহত হয়েছেন। কলাগাছিয়ায় মুল্লির খালের ভারানির মুখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে আতিয়ার রহমান (৬৫) গুলিবিদ্ধ হন। তিনি বুড়ি গোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের কলাগাছি এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার । কাঁকড়া আহরণ শেষে বাড়ি ফেরার পথে সুন্দরবনের ভেতর থেকে দুইজন অস্ত্রধারী বনদস্যু তাদের ডাক দেয়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আতিয়ার গুলিবিদ্ধ হন।
গুলিতে তার পিঠ ও কোমরে গুরুতর আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তার সহযোগীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আনুমানিক দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান অফিসে আসেন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। এতে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা চরম ঝুঁকির মধ্যে পড়ছে।















