সময় ডেস্ক :: ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে লিওনেল মেসিকে? সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অনিশ্চয়তা।
বিশ্বকাপ শুরুর আর অল্প কিছুদিন বাকি থাকলেও আর্জেন্টিনা দলে মেসির অংশগ্রহণ নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি পরিষ্কার করে দিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের।
এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, মেসি খেলবেন কিনা এ প্রশ্নের উত্তর তাঁর কাছেই রয়েছে। কোচ হিসেবে তিনি অবশ্যই চান, মেসি দলে থাকুন। শুধু আর্জেন্টিনার জন্য নয়, বিশ্ব ফুটবলের সৌন্দর্যের জন্যও মেসির উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তবে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করছে মেসির শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতির ওপর।
৩৮ বছর বয়সী এই তারকা ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ১১৫ যা তাঁকে দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যদিও বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তবুও ভক্তদের জন্য আপাতত স্বস্তির খবর আছে। চলতি আন্তর্জাতিক বিরতিতে মাঠে ফিরছেন মেসি। আগামী ২৮ মার্চ মাউরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম ‘লা বোমবোনেরাতে’ এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। তবে মেসি শুরুর একাদশে থাকবেন কি না, তা ম্যাচের দিনই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ।
এদিকে ২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে।
বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্ক্যালোনি। কাতারজয়ী দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে। কোচের ভাষায়, চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে নামের চেয়ে পারফরম্যান্স ও ফিটনেসই বেশি গুরুত্ব পাবে।
সব মিলিয়ে, মেসির বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা এখনো কাটেনি। তবে শেষ সিদ্ধান্ত যে তাঁর নিজের সেটি আরেকবার পরিষ্কার করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ।

















