সময় ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৪৮টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৮৫টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫২টি আসন। অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ১১টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
















